গতকালের তুলনায় বিশ্ব বাজারে বেড়েছে সোনার দাম। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ৫ হাজার ১৮৭ মার্কিন ডলারের আশেপাশে অবস্থান করছে। গতকাল এ দাম ছিল ৫ হাজার ১৬৫ ডলার, অর্থাৎ একদিনের তুলনায় প্রতি আউন্সে দাম বেড়েছে ২২ ডলার।
গত জানুয়ারির শেষ দিকে সোনা সর্বকালের সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ ডলারে পৌঁছেছিল। আজ বৃহস্পতিবার দাম কিছুটা স্থিতিশীল থাকলেও গত বছরের তুলনায় এটি প্রায় ৬৪ শতাংশ বেশি। বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে।
বিশ্লেষকদের মতে, তিনটি প্রধান কারণে সোনার দাম বাড়ছে। এর মধ্যে অন্যতম হলো ভূ-রাজনৈতিক উত্তেজনা। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং ইরানের ওপর নিষেধাজ্ঞার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে।
অন্য একটি কারণ হল যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বের সব দেশের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এ কারণে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং বিনিয়োগকারীরা ডলারের প্রতি আস্থা হারাচ্ছেন। তারা এখন সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন।
এছাড়া, বিশ্বের প্রায় সব দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হিসেবে ডলারের বদলে সোনা মজুদ করছে, যা দামি এ ধাতুর দাম বৃদ্ধিতে সহায়তা করছে। বিশ্লেষক সংস্থা ইউবিএস এবং গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষদিকে সোনার দাম আউন্স প্রতি ৫ হাজার ৪০০ থেকে ৬ হাজার ৩০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
