বেপজায় আরব আমিরাত-বাংলাদেশ যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগ

বেপজায় আরব আমিরাত-বাংলাদেশ যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগ

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বেপজা অর্থনৈতিক অঞ্চলে ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট পণ্য, স্টিল ফ্রেম ও অ্যাক্সেসরিজ উৎপাদনের কারখানা স্থাপনের লক্ষ্যে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেপজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি ফাইবার রিইনফোর্সড পলিমার দিয়ে আধুনিক বাথটাব, যাকুজ্জি ও প্যানেল ট্যাংক তৈরি করবে এবং এসবের জন্য প্রয়োজনীয় সব ধরনের কম্পোজিট পণ্য, অ্যাক্সেসরিজ, মোল্ড ও প্যাটার্ন উৎপাদন করবে। জাহাজ নির্মাণ ও ক্রুজ শিল্পের চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি বছরে ৬ হাজার ১৭৪ মেট্রিক টন পণ্য উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে, যার অধিকাংশ দুবাইয়ে রপ্তানি করা হবে।

এক কোটি মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে এই কোম্পানি ৯০৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ঢাকার বেপজা কমপ্লেক্সে গত ২২ ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে বেপজার পক্ষ থেকে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী স্বাক্ষর করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে শিল্প স্থাপনে দ্রুত সেবা প্রদান ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বেপজার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্নধর্মী পণ্য উৎপাদনের উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে এ ধরনের নতুন পণ্য দেশের রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে।

কামরুল হাসান চৌধুরী বেপজার বিনিয়োগবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ক্রমেই বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হচ্ছে। তিনি দ্রুত কারখানা নির্মাণ ও উৎপাদন শুরুর আশাবাদ ব্যক্ত করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন