বেভারলি হিলসে রিহানার ওপর গুলি চালানোর ঘটনা

বেভারলি হিলসে রিহানার ওপর গুলি চালানোর ঘটনা

বিশ্বখ্যাত পপ তারকা রিহানা অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে তার বিলাসবহুল বাসভবন লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছে এক দুষ্কৃতকারী। রোববার (৮ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, ঘটনার সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ গুলির শব্দ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে এক অজ্ঞাতনামা নারী রিহানার বাড়ির সামনে আসেন। গাড়ি থেকে নেমেই তিনি বাড়ির দেয়াল ও মূল ফটক লক্ষ্য করে পর পর সাত রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান।

হামলার পরপরই পুলিশ বিশেষ অভিযানে নামে। ঘটনার স্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অভিযুক্ত নারীর গাড়িটি শনাক্ত করা হয় এবং সেখান থেকেই তাকে আটক করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তের বয়স ৩০ বছরের কাছাকাছি। তল্লাশির সময় ঘটনাস্থল থেকে একটি ‘অ্যাসাল্ট রাইফেল’-এর বাক্সও উদ্ধার করা হয়েছে। তবে হামলার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়।

সৌভাগ্যবশত এই হামলায় রিহানা বা তার পরিবারের কেউ আহত হননি। তবে এ ঘটনার পর থেকে শিল্পী ও তার ভক্ত মহলে চরম আতঙ্ক বিরাজ করছে। ৩৭ বছর বয়সী এই বার্বাডিয়ান গায়িকা বর্তমানে তার সঙ্গী র্যাপার এএসএপি রকি এবং তিন সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলেসেই বসবাস করছেন।

উল্লেখ্য, রিহানা এখন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী নারী শিল্পী। তার ‘ফেন্টি বিউটি’ ব্র্যান্ড বিশ্বজুড়ে সমাদৃত। গত বছর তিনি তৃতীয় সন্তানের মা হয়ে খবরের শিরোনামে এসেছিলেন। সাম্প্রতিক এই হামলা কেন এবং কীভাবে হলো, তা নিয়ে ব্যাপক তদন্ত শুরু করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ।

আরও পড়ুন