ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে জানা গেছে। কারাকাস, মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যে হামলা হয়েছে বলে ভেনেজুয়েলা সরকার দাবি করেছে।
ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান এবং নিন্দা জানাচ্ছে কারাকাস।’
কারাকাসের দাবি, তাদের তেল ও খনিজ সম্পদ দখলের জন্যই হামলা চালিয়েছে ওয়াশিংটন। তবে তাদের এ ধরনের প্রচেষ্টা সফল হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে মাদুরো সরকার।
গত কয়েক মাস ধরে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের বিরুদ্ধে নৌযানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহতের সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে।
এই অঞ্চলে হাজার হাজার মার্কিন বাহিনী এবং বেশ কয়েকটি নৌযান মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভাব্য সামরিক অভিযানেরও ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলায় বিস্ফোরণের ঘটনা ঘটল।
