মধ্যপ্রাচ্যের সঙ্গে কার্গো সেবা স্থগিত ঘোষণা করেছে চীন

মধ্যপ্রাচ্যের সঙ্গে কার্গো সেবা স্থগিত ঘোষণা করেছে চীন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় কয়েকটি উপসাগরীয় দেশের সঙ্গে কার্গো পরিবহন সেবা স্থগিত করবে চীন। সৌদি-কাতারসহ বেশ কিছু দেশের সঙ্গে বাণিজ্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, খবর দিয়েছে আনাদালু এজেন্সি।

চীনের রাষ্ট্রায়ত্ত শিপিং জায়ান্ট কসকো শিপিং লাইনস জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সব রুটে নতুন বুকিং অবিলম্বে বন্ধ করা হবে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

বিশ্বের অন্যতম বড় তেল ট্যাঙ্কার অপারেটররা এই সিদ্ধান্ত এমন সময় নিয়েছে যখন বিশ্বের বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানি একই প্রণালী দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে। সোমবার ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আর অনুমোদন করা হবে না।

ইরানের ওই হুঁশিয়ারির পর কসকো জানায়, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাত এবং হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচলের ওপর আরোপিত সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই স্থগিতাদেশের আওতায় কসকো বাহরাইন, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কিছু বন্দরের উদ্দেশ্যে নতুন বৈশ্বিক বুকিং গ্রহণ বন্ধ করবে। একই সঙ্গে কাতার, বাহরাইন, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কিছু অঞ্চল থেকে পাঠানো পণ্য পরিবহনও বন্ধ থাকবে।

তবে কিছু আঞ্চলিক বন্দর এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে, কারণ সেগুলোতে যেতে হরমুজ প্রণালী পার হতে হয় না। কসকো জানিয়েছে, সৌদি আরবের জেদ্দা বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান ও ফুজাইরাহ বন্দরে তাদের সেবা স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন