মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা সৌদি আরবের

মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা সৌদি আরবের

বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। শনিবার মধ্যপ্রাচ্যের এসব দেশে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জন্য রিয়াদ এই নিন্দা জানায়।

এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে ইরানের হামলা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। সৌদি আরব তেহরানকে এ হামলার ‘ভয়াবহ পরিণতি’ সম্পর্কে সতর্ক করেছে।

এদিকে, সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি হামলার নিন্দা জানিয়েছে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়েতি ভূখণ্ডে ইরানের হামলা আন্তর্জাতিক আইনের ‘ভয়াবহ লঙ্ঘন’।

সংযুক্ত আরব আমিরাতের সরকার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে এবং জানিয়েছে, আমিরাতের ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশ পাল্টা হামলার হুমকি দিয়েছে।

ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এই হামলার খবর নিশ্চিত করেছে।

ফারস নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া কুয়েতের আল-সালেম এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে।

আমিরাতের আবু ধাবিতে ইরানের হামলায় একজন নিহত হয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে। বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর এবং জর্ডানে ইরান হামলা চালিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে এবং এর জবাবে পদক্ষেপ নেওয়ার অধিকার দাবি করছে।

সূত্র: আল জাজিরা।

আরও পড়ুন