বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ইরান–ইসরায়েল যুদ্ধের মধ্যে বিশ্বশান্তির আহ্বান জানিয়ে সামাজিকমাধ্যমে একটি বার্তা দেওয়ার পর সমালোচনার মুখে পড়েন। তার এই মন্তব্যের পর ট্রোলিং শুরু হলে নোরা নতুন করে তার জবাব দিয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতার প্রেক্ষাপটে নোরা ফাতেহি সম্প্রতি বিশ্বজুড়ে শান্তি ও ঐক্যের আহ্বান জানান এবং ভক্তদের শান্তি ও একতার জন্য প্রার্থনা করতে বলেন। তবে তার এই মন্তব্য অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি এবং সামাজিকমাধ্যমে সমালোচনা শুরু হয়।
৩ মার্চ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওতে নোরা বলেন, “অনেকে এখন শোনার এবং বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে।” তিনি জানান, স্কুলে শেখা বোঝার ক্ষমতা, সমালোচনা এবং পড়ার দক্ষতা যেন মানুষ ভুলে গেছে।
তিনি বলেন, “যদি কেউ মনে করে, শান্তি ও ঐক্যের আহ্বান জানানো কথাটি তাদের জন্য নয়, তাহলে তাদের নিজের আচরণ নিয়ে ভাবা উচিত।” নোরা আরও জানান, আগের ভিডিওতে বিশ্বজুড়ে চলমান অস্থিতিশীলতা তুলে ধরতে চেয়েছিলেন এবং কোনো নির্দিষ্ট দেশ বা ধর্মের বিরুদ্ধে কিছু বলেননি।
তিনি উল্লেখ করেন, “আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে কেউ শান্তির কথা বললেও মানুষ রেগে যায়। এটা সত্যিই ভয়ংকর।”
