মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নিয়মিত ফোর্সের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, অবৈধ অভিবাসন, সন্ত্রাসবাদ দমন এবং এসপিইএআর প্রোগ্রামসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করছে।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র ঢাকাস্থ দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে আগ্রহী এবং এ জন্য দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজন।
মন্ত্রী জানান, সরকারী সম্মতি নিয়ে দ্রুত এ প্রোগ্রাম বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। রাষ্ট্রদূত অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশে ইলেকট্রনিক ন্যাশনালিটি ভেরিফিকেশন (ইএনভি) প্রোগ্রাম বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, সন্ত্রাস দমন খাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দীর্ঘদিন সহযোগিতা করে আসছে এবং ২০১০ সাল থেকে প্রায় ৩০ হাজার পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সভা ও কর্মশালা আয়োজনের নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
