মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) ভোরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বিস্ফোরণের পর গেস্টহাউসের ভেতর থেকে সাত বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজন মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। গুরুতর আহত অপর দুই বাংলাদেশি কর্মী হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের ফলে গেস্টহাউসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহত দুজনের একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের অবস্থান আশঙ্কাজনক।
তিনি আরও জানান, ঘটনাস্থলে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তিদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে স্থানীয় প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে。
