ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর জরুরি অস্ত্রোপচারের জন্য মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে কুয়েতি সংবাদমাধ্যম।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েলি বিমান হামলায় তার বাবা আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবাকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায় যে, ইসরায়েলি হামলায় মোজতবা খামেনিও আহত হয়েছেন এবং তিনি তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে কোমায় আছেন।
কুয়েতের আল জারিদা সূত্রে বলা হয়েছে, মোজতবার অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে তাকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, তাকে একটি রুশ সামরিক বিমানে মস্কো পাঠানো হয় এবং সেখানে পুতিনের একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে তার পায়ে অস্ত্রোপচার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল জানিয়েছে, ইরানের এক উচ্চপদস্থ সূত্রের বরাতে জানা যায় যে, মোজতবা খামেনির একটি অথবা দুটি পা কেটে ফেলতে হয়েছে এবং তার যকৃত ও পাকস্থলীও ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে জানান, তার ধারণা মোজতবা আহত হয়েছেন এবং সম্ভবত অঙ্গহানির শিকার হয়েছেন। ইরানের কর্মকর্তারা এখনও মোজতবার আহত হওয়ার তথ্য স্বীকার করেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি।
এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা দ্য টেলিগ্রাফকে বলেছেন, “মোজতবা খামেনির বিষয়ে কেউ কিছু জানেন না। তিনি জীবিত নাকি মৃত সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।”
