অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আরও ২৯ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ফেরত আসা কর্মীদের জরুরি সহায়তা ও বাড়ি যাওয়ার জন্য পরিবহন সুবিধা প্রদান করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৩২২ জন। সবশেষ গত ২০ জানুয়ারি ৩৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।
আজ ফেরত আসা ২৯ জনের মধ্যে নোয়াখালীর ১৪ জন, ঢাকার ৭ জন, কুমিল্লার ২ জন, মুন্সীগঞ্জের ৩ জন এবং ফেনী, মৌলভীবাজার, সিলেট ও মাদারীপুরের একজন করে রয়েছেন। তাদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান এবং সেখান থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, কিন্তু দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আবেদন প্রত্যাখ্যাত হওয়ার কারণে মার্কিন প্রশাসন তাদের প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নোয়াখালী জেলার সাইফুল ইসলাম, দিয়াদ চৌধুরী ও মৌলভীবাজার জেলার আব্দুল সবুর উল্লেখযোগ্য।
সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের আওতায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের একাধিক দফায় ফেরত পাঠানো হচ্ছে। মার্কিন আইন অনুযায়ী, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে নিজ দেশে ফেরত পাঠানো যায়।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, বাংলাদেশ থেকে বিএমইটির ছাড়পত্র নিয়ে বৈধভাবে ব্রাজিলে গিয়ে যুক্তরাষ্ট্রে পাচারের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এ বিষয়ে কার্যকর নজরদারি প্রয়োজন এবং সরকারকে নতুন করে ব্রাজিলে কর্মী পাঠানোর অনুমতি দেওয়ার আগে সতর্ক হতে হবে।
