রাশিয়ার কিছু তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের সাময়িক অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ এই তথ্য জানিয়েছে।
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ফলে এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে সাগরে থাকা রাশিয়ার তেল বিক্রির অনুমতি দেওয়া হয়। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ ও বিক্রির জন্য একটি অনুমোদনপত্র জারি করেছে, যা অনুযায়ী ১২ মার্চের আগে জাহাজে তোলা রুশ তেল আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিক্রি করা যাবে।
গত সপ্তাহে সাগরে আটকে থাকা রাশিয়ার তেল ভারতের কাছে বিক্রির অনুমতি দেওয়ার পর এই নতুন ঘোষণা এসেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, তেলের সরবরাহ বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য এই বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, তবে এটি একটি সুনির্দিষ্ট এবং সাময়িক পদক্ষেপ।
তিনি উল্লেখ করেন, এই পদক্ষেপ রুশ সরকারের জন্য উল্লেখযোগ্য কোনো আর্থিক সুবিধা প্রদান করবে না, কারণ রাশিয়া তাদের জ্বালানি আয়ের অধিকাংশই তেল উত্তোলনের সময় আরোপিত কর থেকে পায়।
বেসেন্ট পূর্বে জানিয়েছিলেন, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিবেচনা করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি ও পরিবহন খাতকে প্রভাবিত করেছে, বিশেষ করে হরমুজ প্রণালিতে সব ধরনের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।
