যুক্তরাষ্ট্র ও ইরান প্রতিনিধিদের প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। আলোচনায় হরমুজ প্রণালি নিয়ে গুরুতর মতবিরোধ প্রকাশ পেয়েছে।
শনিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ও আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থানরত প্রতিনিধিদের মধ্যে একটি যৌথ কাঠামোতে পৌঁছাতে লিখিত বার্তা বিনিময় করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধবিরতি আলোচনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। উভয়পক্ষ ইসলামাবাদে হওয়া সমঝোতাগুলোতে একযোগে অবস্থান নিশ্চিত করার জন্য লিখিত বার্তা বিনিময় করছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটি দুদেশের মধ্যে প্রথম সরাসরি আলোচনা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের জানান, ইসলামাবাদে অবস্থানরত ইরানি প্রতিনিধিদল তেহরানের ১০ দফা প্রস্তাবের অধীনে তাদের শর্তগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে।
তিনি আরও বলেন, ইরান শুরু থেকেই স্পষ্ট করে জানিয়েছে, যুদ্ধবিরতি বাস্তব হতে হবে এবং এর প্রকৃত অর্থে তা কার্যকর করতে হবে। শনিবার সন্ধ্যায় ইসলামাবাদে আলোচনা শুরু হয়।
ফারস ও তাসনিম জানায়, ‘প্রাথমিক আলোচনায় অগ্রগতি এবং লেবাননের দক্ষিণ বৈরুতে জায়নিস্ট শাসনের হামলা কমে যাওয়ার’ পরিপ্রেক্ষিতে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে ‘জায়নিস্ট শাসন’ বলতে ইসরায়েলকে বোঝানো হয়েছে।
