শ্রীলঙ্কা উপকূলে মার্কিন হামলায় নিহত ৮৭ ইরানি সেনা

শ্রীলঙ্কা উপকূলে মার্কিন হামলায় নিহত ৮৭ ইরানি সেনা

শ্রীলঙ্কা উপকূলে মার্কিন সাবমেরিনের টর্পেডোর আঘাতে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) ভোররাতে সংঘটিত এই হামলার দায় স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

ভারত থেকে আন্তর্জাতিক নৌ-মহড়া শেষ করে ফেরার পথে ‘আইআরআইএস ডেনা’ নামের ইরানি ফ্রিগেটটি এই হামলার শিকার হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি প্রথম কোন শত্রু জাহাজকে টর্পেডো দিয়ে ডুবানোর ঘটনা।

শ্রীলঙ্কান নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সম্পথ জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর যুদ্ধজাহাজটির কোন চিহ্ন পাওয়া যায়নি, শুধুমাত্র তেলের স্তর এবং কিছু লাইফ র্যাফট ভাসতে দেখা যায়। তারা দ্রুত উদ্ধারকাজ শুরু করে এবং পানিতে ভাসমান অবস্থায় ৩২ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ফ্রিগেটটিতে আনুমানিক ১৮০ জন আরোহী ছিলেন, যার মধ্যে অনেকেই নিখোঁজ রয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানি যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল, কিন্তু মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় সেটি ডুবেছে।

হেগসেথ দাবি করেন, ১৯৪৫ সালের পর এটি প্রথমবারের মত মার্কিন সামরিক বাহিনী শত্রু দেশের যুদ্ধজাহাজ ডুবাতে টর্পেডো ব্যবহার করেছে। উদ্ধার হওয়া ৮৭টি মরদেহ শ্রীলঙ্কার উপকূলে আনার প্রক্রিয়া চলছে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তবে, জাহাজের ধ্বংসাবশেষ গভীর সমুদ্রে তলিয়ে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা দেখা দিচ্ছে।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

আরও পড়ুন