সপ্তাহের শেষদিনেও শেয়ারবাজারে উত্থান, লেনদেন হাজার কোটি ছাড়ালো

সপ্তাহের শেষদিনেও শেয়ারবাজারে উত্থান, লেনদেন হাজার কোটি ছাড়ালো

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচক। লেনদেন বেড়ে হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকায় মূল্যসূচক বেড়েছে, বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস উভয় বাজারে মূল্যসূচক বাড়লো।

সপ্তাহের প্রথম দুই কার্যদিবস শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়। তবে তৃতীয় ও চতুর্থ কার্যদিবসে ঊর্ধ্বমুখি ধারা দেখা যায়। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের শুরুতে সূচকের তেজিভাব দেখা যায় এবং শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৬৮টির এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৯৪০ কোটি ২১ লাখ টাকার তুলনায় ১৭০ কোটি ৫৩ লাখ টাকা বেশি। তিন কার্যদিবস পর ডিএসইতে হাজার কোটি টাকার বেশি লেনদেন হলো।

সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪০ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, ৬৯টির কমেছে এবং ৩৮টির অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯৮ কোটি ৮১ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৫৮ কোটি ৮০ লাখ টাকার চেয়ে বেশি।

আরও পড়ুন