মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সৌদি আরবের রিয়াদ শহরের সন্নিকটে মার্কিন ঘাটির নিকটে ক্ষেপনাস্ত্র হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সৌদি প্রবাসী বাচ্চু মিয়া (৪০) নিহত হয়েছেন। নিহতের সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাচ্চু মিয়া উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
রোববার ইফতারের পূর্বে আল খারিজ শহরের মার্কিন সামরিক ঘাটির কাছে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে মিসাইল হামলার সময় তিনি নিহত হন। সৌদি আরবে বাচ্চু মিয়ার মৃত্যুর খবর পেয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ ও অন্যান্য কর্মকর্তারা নিহতের বাড়িতে যান এবং পরিবারটিকে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
বাচ্চু মিয়া দেশে কাঠ মিস্ত্রির কাজ করতেন এবং আট বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন আর্থিক স্বচ্ছলতার জন্য। নিহতের স্ত্রী জোৎস্না আক্তার জানান, তিনি সামনের কোরবানির ঈদে দেশে আসবেন বলে জানিয়েছিলেন। ঘটনার কয়েক মিনিট পূর্বে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি উদ্বিগ্ন ছিলেন।
জোৎস্না আক্তার বলেন, তাদের তিন সন্তান রয়েছে, যাদের মধ্যে একটি মেয়ে প্রতিবন্ধী। তিনি ঋণ নিয়ে সৌদি গিয়েছিলেন এবং এখনো সেই ঋণ পরিশোধ হয়নি। নিহতের পরিবারকে ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে এবং লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ।
