সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানি আরামকোর স্থাপনায় হামলার পেছনে ইসরায়েল রয়েছে বলে দাবি করেছে ইরান। তেহরানের মতে, এই হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন বলা হচ্ছে।
মঙ্গলবার (৩ মার্চ) তেহরানভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এ দাবি করেন। ওই কর্মকর্তা জানান, আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে এবং ইরানে আক্রমণের দায় থেকে মনোযোগ সরানো হচ্ছে।
ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা অঞ্চলে সব আমেরিকান ও ইসরায়েলি সম্পদ এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে; ইতোমধ্যে অনেক স্থানে হামলা চালানো হয়েছে। তবে আরামকোর স্থাপনাটি এখন পর্যন্ত ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়নি।
গতকাল বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে এবং এর জন্য ইরানকে দায়ী করা হয়। এই ড্রোন হামলায় আরামকোর স্থাপনায় আগুন লেগেছিল, তবে তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
‘ফলস ফ্ল্যাগ’ কৌশল হলো এমন একটি গোপন অভিযান, যেখানে প্রকৃত পক্ষের বদলে অন্য কোনো পক্ষ এই হামলা চালিয়েছে বলে প্রচার করা হয়। এই কৌশলের উদ্দেশ্য হলো, অন্যের ওপর দোষ চাপিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করা এবং জনমত বিভ্রান্ত করা।
