ইরানের হামলার শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েতের সকল মসজিদে তারাবির নামাজ পড়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র রমজানে রোজাদাররা পুরো এক মাস ধরে তারাবির নামাজ পড়েন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে একসঙ্গে বড় ধরনের হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে, যার মধ্যে কুয়েতেও হামলা হয়েছে।
দেশটির প্রধান বিমানবন্দরে ড্রোনের দ্বারা সরাসরি আঘাত করা হয়েছে, এতে অন্তত ১২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাঁদের মধ্যে সামরিক বাহিনীর সদস্যও রয়েছেন।
কুয়েত তারাবির নামাজের পাশাপাশি বৃহস্পতিবার রাতের নামাজও মসজিদে না পড়ার নির্দেশনা দিয়েছে। সাধারণত, বৃহস্পতিবার রাতে দেশটির মানুষ নামাজ পড়তে জড়ো হন।
অপরদিকে, কাতার ইফতার পার্টিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। দেশটি বলেছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদ রয়েছে, যা শনিবার একাধিকবার হামলার লক্ষ্য হয়েছে।
