লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তরে ড্রোন হামলা চালিয়েছে। একই সময়ে, তারা ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও হামলার দাবি করেছে।
ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক পণ্য তৈরি করে, যার মধ্যে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মনুষ্যবিহীন ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে হিজবুল্লাহ এই হামলা চালায়। গোষ্ঠীটি জানিয়েছে, বুধবার রাত ২টার দিকে লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ভোরের কিছু আগে উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে একটি নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
