আগামী ৩ মার্চ পূর্ণিমার রাতে বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটতে যাচ্ছে। এটি বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এই চন্দ্রগ্রহণটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং এদিন চাঁদ তামাটে রঙ ধারণ করবে, যা ‘ব্লাড মুন’ নামেও পরিচিত।
নাসার তথ্যমতে, এই গ্রহণটি ৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। প্রধান পূর্ণগ্রাস পর্যায়টি বাংলাদেশ সময় বিকেল ৫:০৪ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ৬:০৩ মিনিটে শেষ হবে। এই সময় চাঁদকে প্রায় এক ঘণ্টা টকটকে লাল দেখা যাবে।
বিশ্বের অন্যান্য দেশের মধ্যে আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই দৃশ্য পরিষ্কার দেখা যাবে। তবে বাংলাদেশ ও ভারতের কিছু এলাকা থেকে এটি দেখা সম্ভব হবে না।
যদি আকাশ মেঘলা থাকে বা স্থানীয়ভাবে দেখা না যায়, তাহলে অনলাইনে লাইভ সম্প্রচার দেখা যাবে। টাইমএন্ডডেট.কম এবং ভার্চুয়াল টেলিস্কোপ প্রকল্পের মাধ্যমে এই গ্রহণের প্রতিটি মুহূর্ত দেখা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৬ সালের এই ঘটনার পর ২০২৮ সাল পর্যন্ত আর কোনো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তাই এই বিরল মহাজাগতিক দৃশ্যটি মিস না করার জন্য সকলকে উৎসাহিত করা হচ্ছে।
