অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩ অধ্যাদেশ আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই বিল আকারে পেশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এবং মানবতাবিরোধী বিচার প্রক্রিয়া চলমান থাকবে।
তিনি মামলাজট সম্পর্কে বলেন, সরকার গত এক সপ্তাহ আগে ক্ষমতা পেয়েছে এবং সঠিক সময়ে সব তথ্য জানানো হবে। ১৩৩টি অধ্যাদেশই প্রথম অধিবেশনের প্রথম দিনে পেশ করা হবে।
আইনমন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বরাদ্দ জনগণের জন্য হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে যারা দুর্নীতির আশ্রয় নেবেন, তাদের বিরুদ্ধে মামলা হবে।
নারী ও শিশু ধর্ষণকারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সন্ত্রাস ও রাজনৈতিক দুবৃত্তায়নের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে।
এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন।
