দীর্ঘদিন পর দেশ ও আন্তর্জাতিক মহল তুলনামূলকভাবে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন প্রত্যক্ষ করেছে। এই পরিবর্তনের নেপথ্যে সশস্ত্র বাহিনীর পেশাদার ভূমিকা এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার নীরব কিন্তু কার্যকর উপস্থিতি সামনে এসেছে।
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন বহুবার সংঘাতের কারণ হয়েছে। কিন্তু এবারের নির্বাচনে দৃশ্যপট ছিল ভিন্ন। কেপিআইভুক্ত এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত গোয়েন্দা তৎপরতা বিস্তৃত ছিল, যার ফলে ভোটকেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের মতো পুরোনো কৌশল কার্যত অকার্যকর হয়ে পড়ে।
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল শক্তি তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং তাৎক্ষণিক সতর্কবার্তা প্রেরণের ব্যবস্থায়। নির্বাচনের আগে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, প্রভাবশালী সহিংস গোষ্ঠীর গতিবিধি নজরদারি, সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক যোগাযোগ পর্যবেক্ষণ—সবই একটি সমন্বিত গোয়েন্দা পরিকল্পনার অংশ ছিল।
গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক বার্তা পাঠিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত নজরদারি বসানো হয়েছে, প্রয়োজনে অভিযানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফলে ভোটের দিন সহিংসতার সম্ভাবনা অনেকাংশে কমে আসে।
গোয়েন্দা নজরদারি শুধু রাজনৈতিক কেন্দ্রেই সীমাবদ্ধ ছিল না বরং অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থিতিশীলতাও নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে স্থানীয় তথ্য সংগ্রহের মাধ্যমে সম্ভাব্য উত্তেজনা আগেভাগেই চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশের নির্বাচনি ইতিহাসে এবারই সর্বাধিক সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়ন করা হয়। সেনাবাহিনীর বিপুল উপস্থিতি জনমানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করেছে। ভোটাররা জানতেন—কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এই নির্বাচন তুলনামূলকভাবে সহিংসতা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ মুক্ত হওয়ায় আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় সুসংহত ছিল, ফলে কোনো পক্ষই সুযোগ নিতে পারেনি।
এই অভিজ্ঞতা থেকে কয়েকটি শিক্ষা নেওয়া যায়—গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিকল্পনা করলে সহিংসতা প্রতিরোধ সম্ভব, সশস্ত্র বাহিনীর পেশাদার নিরপেক্ষতা জনআস্থা বৃদ্ধি করে, কেপিআই সুরক্ষা ও সীমান্ত নজরদারি নির্বাচনি স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ অংশ, এবং আন্তঃসংস্থাগত সমন্বয় গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে।
অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন কোনো আকস্মিক ঘটনা নয় বরং এটি দীর্ঘ প্রস্তুতি, সমন্বিত কৌশল ও পেশাদার দায়িত্ববোধের ফল। দৃশ্যমান নিরাপত্তা বলয়ের পাশাপাশি অদৃশ্য গোয়েন্দা কাঠামো ছিল এই সাফল্যের অন্যতম ভিত্তি।
বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন একটি মোড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এখন চ্যালেঞ্জ হলো—এই মানদণ্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যাতে ভবিষ্যতের প্রতিটি নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়।
