জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ গুপ্ত হামলা, অগ্নিসন্ত্রাস এবং দাঙ্গা-হাঙ্গামা করে রাজনীতিতে টিকে থাকতে চেয়েছিল। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ জিমনেসিয়ামে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রতিহত করেছিল। তিনি আওয়ামী লীগকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও বিশ্বাসী। আপনারা তাদের পুলিশের হাতে ধরিয়ে দিন। গ্রেপ্তারের ব্যবস্থা করুন।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে জন প্রতিরোধ গড়ে তোলা হবে। ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে আগুন দেওয়ার ঘটনার বিষয়ে ব্যবস্থা না নিলে যা করণীয় তা করবেন বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মো. মাজহার ফকির, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
