ঈদযাত্রায় গণপরিবহনে তেল নিয়ে সংকট হবে না, ভাড়া বাড়বে না: রবিউল

ঈদযাত্রায় গণপরিবহনে তেল নিয়ে সংকট হবে না, ভাড়া বাড়বে না: রবিউল

আসন্ন ঈদযাত্রায় গণপরিবহনে তেল নিয়ে সংকট হবে না এবং ভাড়া বাড়বে না বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য তেল অবাধে পাওয়া যাবে।

আজ শুক্রবার সকালে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। রবিউল আলম বলেন, ‘তেলের কোনো সমস্যা হবে না। তেলের দাম বাড়বে না। বিশেষ করে গণপরিবহনে যতটুকু তেল প্রয়োজন, তা নিশ্চিত করা হয়েছে।’

ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা থাকবে কি না সে ব্যাপারে তিনি বলেন, ‘ওটা বিবেচনা করা হচ্ছে।’ তিনি জানান, ‘কিছু না কিছু সীমাবদ্ধতা চলে আসে… বড় একটা সংকট, আমরা এখনো তো সংকট থেকে বের হতে পারিনি।’

রেল যোগাযোগে শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা কম বলেও জানান তিনি। ‘৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি, তাহলে শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা আশা করি থাকবে না,’ বলেন তিনি। ইতোমধ্যে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘রেল সেবা বা রেল যোগাযোগ যুগোপযোগী করে, মনোরম পরিবেশে, স্বচ্ছন্দে অল্প সময়ে অধিক দূরত্বে যাওয়ার জন্য জনবান্ধব করতে চান, জনপ্রিয় করতে চান।’

ঢাকা-সিলেট মহাসড়কের ব্যাপারে জানিয়ে তিনি বলেন, ‘ছয় লেনের কাজ চলছে। অন্তত দুটি লেনে অবাধে গাড়ি যেতে পারবে।’ মন্ত্রী আরও জানান, ‘সড়ক যোগাযোগের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আরও পড়ুন