এনসিপির আহ্বায়ককে জুতা পেটা করার হুমকি

এনসিপির আহ্বায়ককে জুতা পেটা করার হুমকি

গাইবান্ধায় এনসিপির জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি’কে প্রকাশ্যে জুতা পেটা করার হুমকি দিয়েছেন জাতীয় ছাত্র শক্তির গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি জিম। বুধবার (১১ মার্চ) রাত প্রায় ১১টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এই মন্তব্য করেন।

জিম বলেন, ‘আজ হয়তো আমার রাজনীতির শেষ দিন।’ তিনি সারজিস আলমকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি বাংলাদেশে নবাব সিরাজউদ্দৌলা হয়ে আসেননি। আপনি জাতীয় নেতা বলে যা খুশি তাই করতে পারবেন না।’

তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে তিনি এর প্রতিবাদ জানাচ্ছেন। জিম আরও বলেন, ‘আপনারা ঢাকায় নেতৃত্ব দিয়েছেন বলে জাতীয় নেতা হয়েছেন। আমরা জেলায় নেতৃত্ব দিয়েছি বলে জাতীয় নেতা হতে পারিনি।’

এ সময় তিনি অভিযোগ করেন, খাদেমুল ইসলাম খুদিকে গাইবান্ধার এনসিপির আহ্বায়ক হিসেবে তারা মেনে নেননি। তিনি খুদির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘খুদি এনসিপিতে যোগদানের মাত্র ১০ দিন আগেও আওয়ামী লীগের মিটিংয়ে ছিলেন।’

লাইভে জিম বলেন, ‘রংপুরে সারজিস আলমের সামনে খুদি বলেছেন, গাইবান্ধার ছাত্রশক্তির কমিটি নেশাখোরদের দিয়ে করা হয়েছে। যদি তিনি এর প্রমাণ দিতে না পারেন, তাহলে তাকে জুতা দিয়ে পেটানো হবে।’ তিনি জাতীয় নেতাদের ফোনে না পেয়ে লাইভে এসে কথা বলতে বাধ্য হয়েছেন বলেও জানান।

আরও পড়ুন