জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার জরুরি অপারেশন সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকরা জানান যে, তিনি কিছু জটিলতার সম্মুখীন হয়েছেন।
শনিবার (১ মার্চ) ডা. মাহমুদা মিতুর স্বামী তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ তথ্য জানান। তিনি জানান, ২৩ ফেব্রুয়ারি হঠাৎ গাইনোকোলজিকাল ইমার্জেন্সির কারণে ডা. মিতুকে জরুরি অপারেশন করতে হয়েছে। অপারেশনের পূর্বে তিনি শক অবস্থায় ছিলেন এবং তার পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণ ঘটেছিল।
ডা. মিতুর স্বামী উল্লেখ করেন, অপারেশনের পর কিছু জটিলতা দেখা দিয়েছে, যার মধ্যে পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণ রয়েছে। বর্তমানে তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন এবং তার কিছু প্যারামিটার বেড়েছে। চিকিৎসকরা জানান, তিনি এখনো ঝুঁকিমুক্ত নন এবং সুস্থ হতে আরো ৪-৫ দিন সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, গত ২২-২৩ তারিখ থেকে ডা. মিতু শারীরিক কষ্ট ভোগ করছেন। তিনি দেশবাসীর কাছে তার স্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং বলেছেন যে, পরিবারের সদস্যরা বর্তমানে কিছুটা মানসিক চাপের মধ্যে রয়েছেন।
ডা. মিতুর স্বামী সকলকে অনুরোধ করেছেন, তার স্ত্রীর জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারেন।
