এমপি নিজানের নির্দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

এমপি নিজানের নির্দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের কমলনগরে দলীয় পদ-পদবি ব্যবহার করে চাঁদাবাজি ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান সরাসরি এ মামলা দায়েরের নির্দেশ দেন।

বৃহস্পতিবার রাতে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজার এলাকার মো. নোমান হাওলাদার, তার ছেলে সিয়াম হাওলাদার ও রাহি হাওলাদার। তারা সবাই স্থানীয় বিএনপির সমর্থক।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে চর কাদিরা ইউনিয়নের চর পাগলা এলাকার ফজুমিয়ার হাট বাজারে অভিযুক্ত মো. নোমান হাওলাদার ও তার ছেলেরা স্থানীয় ব্যবসায়ী ডা. হারুনুর রশিদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্র নিয়ে হারুনের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসা তার মেয়ে আয়েশা আক্তার শিমুকে শ্লীলতাহানি ও মারধর করা হয়।

এর আগেও গত ৫ আগস্ট পরবর্তী সময়ে আসামিরা হারুনের মোটরসাইকেল ভাঙচুর করে ২ লাখ টাকা দাবি করেছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল। যারা চাঁদাবাজি, সন্ত্রাস বা সাধারণ মানুষের ওপর নির্যাতনে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে দল ও প্রশাসন কঠোর হবে।

বাদী আবদুর রহিম মেম্বার জানান, এমপি মহোদয়ের কঠোর নির্দেশনার কারণেই তারা এই আইনি পদক্ষেপ নিয়েছেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম জানান, মামলা দায়েরের পর পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রামগতিতেও একই ধরনের অভিযোগে ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছিলেন এমপি নিজান, যার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে দুইজন গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুন