খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক ও সমবেদনা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক ও সমবেদনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং ঢাকার কূটনৈতিক মিশনগুলো গভীর শোক প্রকাশ করেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শোক জানিয়েছেন।

এ ছাড়া ঢাকার যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, জার্মানি, যুক্তরাজ্য, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, থাইল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া ও ভুটানসহ বিভিন্ন দেশ ও সংস্থার কূটনৈতিক মিশনগুলো শোক প্রকাশ করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বার্তায় খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান এবং তার নেতৃত্ব ও ত্যাগ স্মরণ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ ও দেশের উন্নয়নে অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, খালেদা জিয়া পাকিস্তানের নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন এবং পাকিস্তান সরকার ও জনগণ শোকের মুহূর্তে বাংলাদেশের পাশে আছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান স্মরণীয় থাকবে। তিনি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এক শোকবার্তায় বলেন, খালেদা জিয়া বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও চীনের জনগণের পুরোনো বন্ধু ছিলেন। তার প্রধানমন্ত্রীত্বকালে চীন-বাংলাদেশ সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।

ঢাকার মার্কিন দূতাবাস খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বলে, তিনি দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জার্মান দূতাবাস বলেছে, তিনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট গঠনে ভূমিকা পালন করেন এবং জার্মানির সঙ্গে তার দীর্ঘ সম্পৃক্ততা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন মিশন জানিয়েছে, খালেদা জিয়ার জীবন ও নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে বিশেষ অধ্যায় হিসেবে স্মরণীয় থাকবে। ফরাসি দূতাবাস বলেছে, তিনি বাংলাদেশের জাতীয় জীবনের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যুক্তরাজ্য হাইকমিশন ও অস্ট্রেলিয়া হাইকমিশনও শোক প্রকাশ করেছে।

জাতিসংঘের ঢাকা অফিস বলেছে, এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ খালেদা জিয়ার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছে। ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার সময়ে বাংলাদেশ-ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক ছিল।

আরও পড়ুন