খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রোববার বিকেলে নেতাকর্মীরা প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান করেন। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।
নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ের এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মীরা বলেন, দলীয় নির্দেশনা নয়, তৃণমূলের কর্মীদের উদ্যোগেই তারা কার্যালয়ে গিয়েছিলেন।
রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। কার্যালয় ভাঙচুর এবং কাঠের দরজা ও কাগজপত্রে আগুন জ্বালিয়ে দেন তারা। পরে আগুন নিভে যায় এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিকেলে ১০-১৫ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এরপর তারা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তড়িঘড়ি করে অফিস ত্যাগ করেন। এ ঘটনার প্রতিবাদে কয়েকজন ছাত্র ওই কার্যালয়ে উঠে ছবিতে অগ্নিসংযোগ করে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, কার্যালয়টি বিকেলের দিকে কয়েকজন ব্যক্তি খুলেছিল। আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। রাতে কয়েকজন বিক্ষুব্ধ ছাত্ররা এসে আগ্নিসংযোগ করে এবং টানানো দুটি ছবি ভেঙ্গে ফেলে। বিষয়টি গভীরভাবে দেখা হচ্ছে।
