গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ দল গণভোটে ‘না’-এর পক্ষে কথা তুলছে। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা বলতে চাই গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।
তিনি আরও বলেন, ‘না’ ভোট পাস হলে যে ক্ষমতায় আসবে, সেই শক্তি স্বৈরাচারী হবে। যারা ‘না’-এর পক্ষে কথা বলছেন, তারা আসলে কী বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। এবারের ভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেয়ার ভোট।
নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁস সম্পর্কে নাহিদ বলেন, এই সরকারের আমলেও আমরা প্রশ্নফাঁসের ঘটনা দেখেছি। ‘হ্যাঁ’ ভোট ব্যর্থ হলে দেশ আবার আগের ব্যবস্থাতেই ফিরে যাবে।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সারাদেশে গণভোটের পক্ষে আজ থেকে আমাদের প্রচারণা শুরু হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এর আগে গত শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়। দলটির নতুন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে চেয়ারম্যান এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে সেক্রেটারি করা হয়েছে।
