গণভোটের ভোট গণনায় কিছু পরিবর্তন এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার নতুন একটি প্রজ্ঞাপন জারি করে ভোটার উপস্থিতির হার কিছুটা সমন্বয় করা হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি গণভোটের প্রাথমিক ফলাফলে বলা হয়েছিল, মোট প্রদত্ত ভোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩। তবে, এটি সংশোধন করা হয়েছে। পূর্বের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ ভোট পড়েছে এবং ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। ভোটার উপস্থিতির হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।
সংশোধিত হিসাব অনুযায়ী, ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। ভোটার উপস্থিতি ৬০ দশমিক ১৯ শতাংশ। এই হিসাবে, মোট প্রদত্ত ভোট ১০ লাখ ৭৪ হাজার কমেছে। ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৯ লাখ ৭৫ হাজার কমেছে, অন্যদিকে ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার এবং বাতিলকৃত বা অবৈধ ভোটের সংখ্যা ১২ হাজার ৫৫৯টি কমেছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, করণিক ভুল এবং সংখ্যা স্থানান্তরের ভুলের কারণে এই পরিবর্তনগুলো হয়েছে। ইসি কর্মকর্তারা আরও জানান, সাধারণত ভোটাররা ব্যালট ফাঁকা রাখলে, সব অপশনে চিহ্ন দিলে বা ভুলভাবে চিহ্নিত করলে সেই ব্যালটগুলো অবৈধ ঘোষণা করা হয়।
