চট্টগ্রামে ইসলামী আন্দোলনের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চট্টগ্রামে ইসলামী আন্দোলনের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চট্টগ্রাম অঞ্চলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের ২০টি আসনের সব প্রার্থীই জামানত হারিয়েছেন। দলটি ২৩ আসনের মধ্যে ২০টিতে প্রার্থী দিলেও কোথাও ভোটের আট ভাগের এক ভাগ পায়নি। অধিকাংশ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। তথ্য বিশ্লেষণে দেখা যায়, উত্তর চট্টগ্রামে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থীই উল্লেখযোগ্য ভোট পাননি।

চট্টগ্রাম-১০ আসনে দলের মহানগর আমির মো. জান্নাতুল ইসলাম মাত্র তিন হাজার ৮৮০ ভোট পেয়েছেন, যেখানে ভোটার রয়েছেন চার লাখ ৯২ হাজার ৪৪২। চট্টগ্রাম-১ আসনে ফেরদৌস আহমদ চৌধুরী দুই হাজার ১০৮ ভোট পেয়েছেন, অন্যদিকে বিএনপির বিজয়ী প্রার্থী নুরুল আমিন পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট।

চট্টগ্রাম-২-এ জুলফিকার আলী মান্নান দুই হাজার ১৬৯ ভোট পেয়েছেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট। চট্টগ্রাম-৩ আসনে আমজাদ হোসেন পাঁচ হাজার ১৪৫ ভোট পেয়ে দলের সর্বোচ্চ ভোট পান, বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা ৭২ হাজার ৫৭৯ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-৪ আসনে মো. দিদারুল মাওলা এক হাজার ৩৩৭ ভোট পেয়েছেন, বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর এক লাখ ৪৩ হাজার ৬০৭ ভোট পেয়েছেন। চট্টগ্রাম-৫ আসনে ইসলামী আন্দোলনের মতি উল্লাহ নূরী এক হাজার ৩১৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন, বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৪৪০ ভোট।

চট্টগ্রাম-৬ আসনে ইসলামী আন্দোলন প্রার্থী দেয়নি। চট্টগ্রাম-৭ আসনে দলের আবদুল্লাহ আল হারুন এক হাজার ৩০৭ ভোট পেয়েছেন। চট্টগ্রাম নগরীর চারটি আসনেও একই চিত্র দেখা গেছে, যেখানে প্রার্থীরা এক হাজার থেকে তিন হাজার ভোট পেয়েছেন।

দক্ষিণ চট্টগ্রামের আসনগুলোতেও ইসলামী আন্দোলনের প্রার্থীরা ৯০১ থেকে চার হাজার ৫৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। কক্সবাজারে দলটির অবস্থান দুর্বল ছিল, সব আসনে প্রার্থীরা জামানত হারিয়েছেন। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি আসনেও প্রার্থীরা তিন হাজার থেকে চার হাজার ভোট পেয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী আন্দোলনের এমন প্রত্যাশার বিপরীত ফল দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর আমির মো. জান্নাতুল ইসলাম বলেন, মানুষ ক্ষমতালোভী এবং শরিয়া বোঝে না, সেজন্য কম ভোট পেয়েছে দলের প্রার্থীরা। তবে তিনি বলেন, দলের অনেক কাজ করার আছে এবং আশা করেন সামনের দিকে এগিয়ে যাবেন।

আরও পড়ুন