চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ডাব নিয়ে যাওয়ার অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ডাব নিয়ে যাওয়ার অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাহিদা মতো চাঁদার টাকা না পেয়ে ফুটপাতের দুই ডাব বিক্রেতার ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ওই নেতার নাম আরমান হোসেন বাবু। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক।

বৃহস্পতিবার সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পরে।

ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তিনি ফুটওভার ব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসলে, বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করেন। তা দিতে অপারগতা প্রকাশ করতেই হামলা চালায়। সেইসঙ্গে ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটি নিয়ে যায়।

আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির অভিযোগ, একই কায়দায় তাকেও হুমকি দেওয়া হয়। চাঁদা না দেয়ায় তার মালামালও হাতিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভারের এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবু আস্থাভাজন পরিচয় দিয়ে সাভারে নানা অপকর্ম চালিয়ে আসছেন। চাঁদাবাজি ও মাদক ব্যাবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে অভিযুক্ত আরমান হোসেন বাবুর সঙ্গে কথা বলতে চাইলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কোনও মন্তব্য করেননি। পরবর্তীতে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, এ বিষয়ে থানায় কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন