হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে বাংলাদেশ সরকার জাপানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
হুমায়ুন কবির বলেন, সরকার বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বিষয়টি বিবেচনা করছে। পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন এবং আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানান তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনা সংক্রান্ত চুক্তিতে কিছু চার্জ ও অন্যান্য বিষয়ে জটিলতা ছিল। আলোচনা চলাকালে বাংলাদেশ পক্ষ তাদের প্রস্তাব দিয়েছে এবং জাপানও তাদের প্রস্তাব তুলে ধরেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, উভয় পক্ষই একটি সমাধানের দিকে যেতে চায়, যা বাংলাদেশের জন্য উপকারী হবে। আগের চুক্তির ত্রুটি সংশোধন করে একটি ‘উইন–উইন’ পরিস্থিতি তৈরি করতে সরকার কাজ করছে। জাপান বাংলাদেশের দেওয়া প্রস্তাবগুলো বিবেচনা করে দ্রুত সংশোধিত প্রস্তাব দিতে সম্মত হয়েছে। সেই প্রস্তাব পাওয়ার পর আবারও আলোচনা হবে।
