জামায়াতের করা মামলায় বিএনপির আহ্বায়কসহ ২৬ নেতার জামিন

জামায়াতের করা মামলায় বিএনপির আহ্বায়কসহ ২৬ নেতার জামিন

ভোলায় সংঘাতের ঘটনায় জামায়াতে ইসলামীর দায়ের করা মামলায় রোববার জামিন পেয়েছেন জেলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিনসহ ২৬ নেতাকর্মী। বিজয় দিবসে জেলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে রাজাকার বলায় বিএনপির এক কর্মীকে মারধর করার ইস্যুতে দুই দলের মধ্যে সংঘাত হয়েছিল।

বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ভেলুমিয়া ইউনিয়নের বাজার শাখার সভাপতি মো. মোমেনের দায়ের করা মামলায় আসিফ আলতাফ ও মো. হেলাল উদ্দিনকে শীর্ষে রেখে ২৬ জনকে আসামি করা হয়। রোববার বিএনপি নেতা আসিফ ও হেলাল উদ্দিনসহ ২৬ জন জেলা সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন এবং বিচারক জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে আসিফ আলতাফ সাংবাদিকদের জানান, যে ঘটনার সঙ্গে তিনি অদৌ জড়িত নন, সেই মামলায় তাদের আসামি করা হয়েছে। এতে দলটির (জামায়াতের) অবস্থান পরিষ্কার হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। পরে হাজারও নেতাকর্মী আসিফ আলতাফকে নিয়ে মিছিল করে দলীয় অফিসে যান।

বিএনপি নেতাদের পক্ষে জামিনের দাবি করেন সিনিয়র আইনজীবী ভোলা বারের সাবেক সভাপতি ছালাউদ্দিন হাওলাদার, জেলা বারের সভাপতি ফরিদ উদ্দিন, আইনজীবী সমিতির সম্পাদক ড. আমিরুল ইসলাম বাছেদসহ একঝাঁক সিনিয়র আইনজীবী। অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম জানান, আদালত মামলার ২৬ জন আসামিরই জামিন মঞ্জুর করেছেন।

জামিনপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের ছেলে উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুছ কমান্ডার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান বাদশার ছেলে মো. হাসনাইন, ইউনুছ কমান্ডারের ছেলে ঝিলন খান, আব্দুল মান্নানের ছেলে মো. টিপু, মো. জাহাঙ্গীরের ছেলে মো. রাশেদ, ইস্রাফিল মাস্টার, মো. রিয়াজ, মো. আবু বকর, হাফেজ খানের ছেলে মো. নিলখান, মো. ফয়সাল, মো. নুর আলম, মিলন হাওলাদার, মো. আনোয়ার, মিলন চৌধুরী, মো. মেহেদী মাহাবুব, লিটন রাঢ়ি, বুলবুল খান, মো. সোহাগ, মো. মাহাদী, মো. স্বপন, মো. বাবুল সর্দার, স্বপন রাড়ি, মো. ইসলাম মুন্সি, মো. ইউনুছ হাওলাদারের ছেলে মো. রবিউল (২৫)।

আরও পড়ুন