কক্সবাজারে এক জামায়াত কর্মী তার সদ্যজাত যমজ পুত্র সন্তানের নাম রেখেছেন শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে। শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখার অর্থসম্পাদক জহুর আলম তার দুই সন্তানের নাম রাখেন ‘হাসান ওসমান’ ও ‘হোসাইন হাদি’। তিনি কক্সবাজার পৌর শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান। তিনি বলেন, শিশুদের নাম রাখার দায়িত্ব তার ওপর অর্পিত হলে মা-বাবার সম্মতিতে শহীদ ওসমান হাদির স্মরণে নামকরণ করা হয়।
আমিনুল ইসলাম হাসান আরও বলেন, আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহীদ এক বীরের নামে জহুর আলমের দুই সন্তান সমাজে পরিচিত হবে, যা তাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়। নবজাতকদের বাবা জহুর আলম বলেন, শহীদ হাদি শুধু একজন ক্ষণজন্মা মানুষ নন, তিনি একটি ইতিহাস। তাঁর নামে সন্তানদের পরিচয় দিতে পারা তাদের জীবনের বড় গর্ব।
