জামায়াত নেতা: সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী

জামায়াত নেতা: সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারকে মানবে না এবং এতে দেশে অস্থিরতা তৈরি হতে পারে।

শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাটি রাজধানীর আইডিইবি মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশে রক্তপাত নয়, জনগণের রায় বাস্তবায়নই এখন সময়ের দাবি। সরকার ও বিরোধী দল উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি দাবি করেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে। তিনি বলেন, ইতিহাসে কেউ জনগণের মতের বিরুদ্ধে গিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি এবং আগামীতেও পারবে না।

ভাষা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সব আন্দোলন শাসকগোষ্ঠীর জুলুমের বিরুদ্ধে ছিল। জনগণের মত উপেক্ষা করলে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে।

তিনি সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, সংবিধানে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। প্রয়োজনে অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করার দাবি জানান তিনি।

পাশাপাশি ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাসের বিকৃতি বন্ধ করে প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন