১১ দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে। তিনি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার পর ফেসবুকে এ মন্তব্য করেন।
সারজিস আলম ফেসবুকে লিখেছেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান।
বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপির পর বাংলাদেশ জামায়েতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ছাড়াও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। তবে স্বতন্ত্র সংসদ সদস্যদের কেউ কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
