ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে শৈলকুপার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কাবির মোল্লা বলেন, ঘটনা শুনে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং কোনো মামলাও দায়ের হয়নি।
