ট্রাইব্যুনালে তানহার বাবার জবানবন্দি: রক্তে ভিজে গিয়েছিল শরীর

ট্রাইব্যুনালে তানহার বাবার জবানবন্দি: রক্তে ভিজে গিয়েছিল শরীর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হয়েছে বৃহস্পতিবার। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে দুই নম্বর সাক্ষী হিসেবে মোশারফ হোসেনের জবানবন্দি রেকর্ড করা হয়।

মোশারফ হোসেন তার জবানবন্দিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিজয় মিছিল নিয়ে গণভবনে যায় তার মেয়ে তানহা ও ছেলে। সন্ধ্যা হলেও না ফেরায় তাদের ফোন করি। বাসার আশপাশে গোলাগুলির কথা বলে তাদের পেছন দিকের রাস্তা দিয়ে বাসায় আসতে বলি।

তিনি বলেন, ভিডিও কলে কথা বলার সময় মেয়ের এক হাতে ছেঁড়া স্যান্ডেল ও অপর হাতে একগুচ্ছ ফুল দেখতে পাই। আমি তাকে বাসায় যেতে বলি। এরপর ছেলেকে কল দিই, কিন্তু ব্যস্ত পাই। ওই সময় ছেলের সঙ্গে কথা বলছিল তানহা। ভাইকে তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে আসতে বলে মেয়েটি।

মোশারফ হোসেন আরও বলেন, এর ঠিক এক মিনিট পর তানহার শরীরে গুলি লেগেছে বলে ফোন দেন আমার স্ত্রী। তখন আকরামের বাবা ফারুকসহ আমি দৌড়ে বাসায় যাই। গিয়ে দেখি বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে তানহা। তার রক্তে বাসার ফ্লোর ভেসে যাচ্ছিল। তখনও জীবিত ছিল মেয়েটি।

তাকে কোলে করে নিচে নামানো হয়। তার রক্তে মোশারফ হোসেনের গোটা শরীর ভিজে যায়। ওই সময় ছেলে আব্দুর রহমান তারিফও বাসায় ফিরে আসে। সে ফোনে বোনের চিৎকার শুনতে পায়। এরপর তানহাকে মিরপুর আলোক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চার-পাঁচ মিনিট পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

লাশ গুম হয়ে যাওয়ার ভয়ে সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে আসা হয়। এরপর গোসলের পর পূর্ব বাইশটেকি কবরস্থানে নিজ হাতে মেয়েকে দাফন করেন তিনি। মোশারফ হোসেন বলেন, আমার মেয়ে তানহা যখন গুলিবিদ্ধ হয়, তখন আমার বাসায় সাবলেট থাকা একজন মহিলাও গুলিবিদ্ধ হন।

তিনি তানহা ও আকরাম হত্যার জন্য শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, সাদ্দাম, ইনান, আরাফাত, নাছিম ও স্থানীয় এমপি নিখিলকে দায়ী করেন। তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

রাজধানীর মিরপুর শাহ আলী কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তানহা। পরিবারের সঙ্গে মিরপুর-১৩ নম্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ২২ বছর।

আরও পড়ুন