দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানের জন্য ঢাকা মহানগরীতে এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হবে।
মন্ত্রী সোমবার (৯ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে একটি দুর্যোগপ্রবণ দেশ এবং জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের ধরন পাল্টাচ্ছে। তাই দুর্যোগ মোকাবিলা করতে হবে এবং নিয়মিত মহড়ার মাধ্যমে মানুষের ভীতি দূর করতে হবে।
১০ মার্চ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি’ দিবস উপলক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ বলে উল্লেখ করা হয়।
এ অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান, মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবীর মো. আশরাফ আলম।
