বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার সকালে শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশন ভবনে যান।
নির্বাচন কমিশন ভবনে তারেক রহমান জাতীয় পরিচয়পত্রের নিবন্ধনের জন্য ফিঙ্গার প্রিন্ট, চোখের আইরিশ ও সিগনেচার দিয়েছেন। এর আগে অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তিনি ও তার মেয়ে জায়মা রহমান।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, আবেদন করার পর ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমান এনআইডি হাতে পাবেন। তিনি বলেন, তারেক রহমান আবেদন করার ৭ ঘণ্টার মধ্যে এনআইডি পেতে পারেন, না হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।
২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান এবং এরপর আর দেশে ফিরতে না পারায় তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে এসে ভোটার তালিকায় নাম লেখান। তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন।
