দলীয়করণ, একনায়কতন্ত্র বন্ধ হবে জন্যই বিএনপি গণভোট মানে না

দলীয়করণ, একনায়কতন্ত্র বন্ধ হবে জন্যই বিএনপি গণভোট মানে না

গণভোটের রায় মেনে ‘জুলাই সনদ’ বাস্তবায়িত হলে দেশে দলীয়করণ ও একনায়কতন্ত্রের পথ বন্ধ হয়ে যাবে– এমন আশঙ্কা থেকেই বিএনপি এই গণভোট মানতে চাইছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে এবং অবিলম্বে গণরায় বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আখতার হোসেন তাঁর বক্তব্যে বলেন, দেশ পরিচালনার জন্য অবশ্যই সংবিধান লাগবে। তবে সেই সংবিধান কোনো ব্যক্তিবর্গ বা দলের মনগড়া হলে চলবে না, বরং সেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিপক্ষে কোনো কথা না বললেও এখন সংসদে দুই-তৃতীয়াংশ আসন পাওয়ায় তারা জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে একই তফসিলে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন শপথের জন্য দুটি ফরম দিলেও বিএনপি সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গণভোট যদি অবৈধ হয়, তবে সংসদ নির্বাচনও অবৈধ। বিএনপি সরকার জনগণের বিপক্ষে হেঁটে মূলত ফ্যাসিবাদী আচরণ করছে। অন্যদিকে, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মুফতি মোখলেছুর রহমান কাসেমী বলেন, যারা জনগণের ভাষা বোঝে না, তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করতে ছাত্র-জনতার ৩৬ ঘণ্টাও সময় লাগবে না।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ডা. ওমর ফারুক অভিযোগ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একসময় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে অনুরোধ জানালেও এখন সেই জনরায় মানছেন না। জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, বিএনপি ‘ম্যানেজ ভোটের’ মাধ্যমে গঠিত সংসদকে বৈধ বললেও গণভোটকে অবৈধ বলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপির প্রতারণা জনগণ বুঝে গেছে। অবিলম্বে গণভোটের রায় কার্যকর না করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন– নূরুল ইসলাম বুলবুল এমপি, ড. রেজাউল করিম, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়, যেখানে হাজারো মানুষ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন।

আরও পড়ুন