দলের পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্য অপরিবর্তিত রয়েছে

দলের পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্য অপরিবর্তিত রয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক দলের জায়গায় আরেক দল বসেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।

শুক্রবার (৬ মার্চ) রাজধানী উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব মন্তব্য করেন।

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আগে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করতেন, এখন ‘জিন্দাবাদ’ বলে শেষ করছেন। জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে এবং একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের পর সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বেড়েছে। শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ায় একটি নারীকে ধর্ষণ করা হয়েছে। এছাড়া, সারা দেশে নারী নিপীড়ন এবং শিশু ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

নাহিদ ইসলাম সুশীল সমাজ ও নারী অধিকার কর্মীদের চুপ থাকার বিষয়েও কথা বলেন এবং বলেন, ‘সবাই চুপ থাকলেও জাতীয় নাগরিক পার্টি চুপ করে থাকবে না। মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সবসময় সরব থাকবে।’

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতারা।

আরও পড়ুন