দায়িত্ব শেষ করার পর অবশ্যই দেশে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তার বিদায়ী সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, একটা নির্ভেজাল, উৎসবমুখর ও ক্রেডিবল নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন ব্যালট বাক্স ছিনতাই এমন ঘটনা ঘটেনি। যদিও কুলাউড়ার একটি ঘটনা ঘটতে গিয়েছিল সেটা সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেছে।
দেড় বছরে এই মন্ত্রণালয়ের কি দুর্বলতা দেখেছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি একটি ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। সামনের স্বরাষ্ট্র মন্ত্রীর জন্য চ্যালেঞ্জ কি থাকবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাস্তব জীবনে সবসময় চ্যালেঞ্জ আছে।
তিনি বলেন, আমাদের সঙ্গে যারা কাজ করেছে তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করায় কিছুটা স্বস্তি আসছে। দেশে থাকবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই দেশে থাকবো। কেউ কখনো বলতে পারবে না, আমার আত্মীয় কেউ কখনো কারো কাছে সুপারিশ করেছে।
