অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব শেষ হবার পর সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব শেষ হবার পর বিশ্বব্যাপী ওনার সামাজিক কাজ নিয়েই ব্যস্ত থাকবেন।
রোববার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান, তারা দেশের জন্য কাজ করেছেন, তারা এখানেই থাকবেন এবং সরকারের বাইরে থেকেও দেশের জন্য কাজ করে যাবেন।’
গঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আগামী মঙ্গলবার শপথ অনুষ্ঠানে পতাকাবাহী গাড়িতে যাবেন উপদেষ্টারা। তাদের বাসায় পৌঁছে দেয়া হবে পতাকা ছাড়া গাড়িতে।’
এসময় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে ইতিহাসের ‘সেরা নির্বাচন’ অভিহিত করে প্রেস সচিব বলেন, ‘গুমের শিকার ও জুলাই অভ্যুত্থানের নেতারা থাকায় এ নির্বাচনের মাধ্যমে ইতিহাসের সেরা বিরোধী দল হয়েছে।’
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ঐতিহাসিক ও সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসারসহ সব বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছেন। ভোটগ্রহণকালে প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তরে বসে বডিওর্ন ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে ১৭টি কেন্দ্রে কথা বলেছেন।’
