বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নাহিদ ইসলামের বাসায় সাক্ষাতের বিষয়টিকে জাতীয় রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যতাবোধের জায়গা থেকে সাক্ষাতে এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতাকে আমরা সাধুবাদ জানাই। তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই।
আখতার হোসেন বলেন, তারেক রহমান এবং নাহিদ ইসলামের মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস দেয়। তিনি বলেন, নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কীভাবে এর বাইরে গিয়ে একত্রে দেশের জন্য কাজ করতে পারি, সে সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি।
তিনি আরও বলেন, আমরা মনে প্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকবে। রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে। রাজনৈতিক বক্তব্য আলাদা হবে। কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে বাংলাদেশের প্রশ্নে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারব।
সাক্ষাতে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে বিএনপির পক্ষ থেকে কার্যকর ব্যবস্থাগ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান আখতার হোসেন। এছাড়া ২৪ এর অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের নিয়েও কথা হয়েছে। পরে তারেক রহমানকে শাপলা কলির কাঠামো উপহার দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
