জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে শপথ নেওয়া হয়েছে। তবে নতুন মন্ত্রিসভা সংস্কারের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা। তিনি উল্লেখ করেন, মন্ত্রিসভা প্রতিনিধিত্বমূলক হয়নি এবং সকল জাতীগোষ্ঠীর সমন্বয় করা হয়নি।
তিনি বলেন, বিএনপি সংস্কারের সাথে প্রতারণা করেছে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। দুর্নীতি প্রতিরোধ নিজ ঘর থেকে করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
নাহিদ আরও বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও বিএনপির সংসদ সদস্যরা তাদের ঋণ পরিশোধ করেননি। তিনি উল্লেখ করেন, বর্তমান মন্ত্রিসভায় দুর্নীতিগ্রস্ত, আর্থিকভাবে অস্বচ্ছ, ঋণ খেলাপি ও হত্যা মামলার আসামিরা রয়েছেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী সংসদ নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভাটি স্বচ্ছ হবে বলে আশা করা হলেও তা হয়নি বলে তিনি জানান।
