ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচনের পরে সহিংসতা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে প্রত্যাশিত ছিলো না। এটা পুরোনো রাজনীতি যার বিপক্ষে দীর্ঘ সংগ্রামের পরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুন্দর একটি নির্বাচনের পরে দেশের বিভিন্ন এলাকায় যে সহিংসতা হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত। এই সহিংসতা রোধে সরকার ও বিজয়ী পক্ষকে কার্যকর ভূমিকা নিতে হবে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি জানানো হয়েছে। গাজী আতাউর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে নিষ্ক্রিয় হলে চলবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হাল ছাড়লে চলবে না। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সক্রিয় ভূমিকায় থাকতে হবে। অন্যথায় সহিংসতাহীন জাতীয় নির্বাচনের অর্জন নির্বাচন পরবর্তী সহিংসতায় ম্লান হয়ে যাবে।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে। বাংলাদেশকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের ওপরে। নির্বাচনোত্তর সহিংসতা রোধে তারা ব্যর্থ হলে শুরুতেই গলদ বলে সাব্যস্ত হবে যা তাদের প্রতি মানুষের আস্থা নষ্টের কারণ হবে। তাই বিএনপির নেতাদের বলবো, দ্রুততার সঙ্গে দলীয় ব্যবস্থা নিন। সংশ্লিষ্ট ব্যক্তি ও কমিটিকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বানও জানান তিনি।
