নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার প্রস্তুতিকালে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম।

শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থাকা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মুছাপুর ইউনিয়নের মোহাম্মদ সোহেল, সিরাজপুর ইউনিয়নের সিরাজুল হক, হুমায়ুন কবির, শেখ ফরিদ, চরহাজারী ইউনিয়নের জাহাঙ্গীর আলম ও শরিয়ত উল্লাহ মিলন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আগে থেকেই থানায় রাজনৈতিক মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’

আরও পড়ুন